চট্টগ্রাম বিভাগীয় নারী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেট লিগ-২০২৬। আগামীকাল ৭ মার্চ থেকে শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে এই টুর্নামেন্ট হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরীর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের নারী ক্রিকেটারদের জন্য একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি করা এবং তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটের বিকাশ ঘটানোই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার নারী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের চারটি দলে ভাগ করা হয়েছে। দলগুলো হলো—পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব ও টিম আইএসসিএল। ১২ মার্চ ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
খেলোয়াড়দের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ম্যাচভিত্তিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’-এর ১২ জন খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন ৭ হাজার টাকা, ক্যাটাগরি ‘বি’-এর ১৫ জন খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকা এবং ক্যাটাগরি ‘সি’-এর ২৯ জন খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন ৪ হাজার টাকা।
টুর্নামেন্টের সব ধরনের ব্যয়ভার বহন করছে কন্টিনেন্টাল গ্রুপ। খেলোয়াড়দের জন্য দুটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং হোটেল থেকে মাঠে যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থাও রাখা হয়েছে।
আগামী মাসে নারী বিপিএল হওয়ার কথা রয়েছে। আয়োজকদের বিশ্বাস, চট্টগ্রাম বিভাগীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেট লিগের মাধ্যমে নতুন প্রতিভাবান নারী ক্রিকেটারদের খুঁজে বের করতে এবং তাঁদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিযোগিতা।