৬ কোটি ৫০ লাখ বছরেরও বেশি আগে পৃথিবীতে বিচরণ করত ছোট আকারের এক অদ্ভুত ডাইনোসর। নাম ‘ইনফার্নোগ্যালাস’, যার অর্থ ‘নরকের মুরগি’। মাংসাশী ডাইনোসরের মতো ভয়ংকর শিকারি না হলেও ফল খাওয়ার ক্ষেত্রে এটি ছিল বেশ দক্ষ। আধুনিক টিয়ার মতোই বড় বীজ থেকে ফলের শাঁস আলাদা করে খেতে পারত প্রাণীটি।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় ডাইনোসরটির চোয়াল ও ঠোঁটের গঠন বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণাটি ১০ অক্টোবর ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, পাখি নয়—এমন ডাইনোসরের মধ্যে ফল খাওয়ার জন্য বিশেষ শারীরিক অভিযোজনের এটিই প্রথম প্রমাণ।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে এক জীবাশ্ম সংগ্রাহক ডাইনোসরটির কঙ্কালের বড় একটি অংশ খুঁজে পান। পরে কানাডার রয়্যাল অন্টারিও জাদুঘরের জীবাশ্মবিদ ডেভিড ইভানসকে বিষয়টি জানানো হয়। পরবর্তী কয়েক বছরে মন্টানা, নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটায় আরও চারটি আংশিক কঙ্কাল আবিষ্কৃত হয়।
ডাইনোসরটি ক্রিটেশিয়াস যুগে বসবাসকারী ঠোঁটযুক্ত থেরোপডের একটি পাখিসদৃশ উপগোষ্ঠী ওভিরাপটরোসরের অন্তর্ভুক্ত। এর ওজন ছিল আনুমানিক ১২ কেজি, অনেকটা একটি টার্কি পাখির সমান। যে ভূতাত্ত্বিক স্তরে জীবাশ্মটি পাওয়া গেছে, তার নাম হেল ক্রিক। আর মুরগির মতো দেখতে হওয়ায় বিজ্ঞানীরা এর নাম দেন ‘ইনফার্নোগ্যালাস’ বা নরকের মুরগি।
যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ গ্রেগ ফানস্টন ও তাঁর সহকর্মীরা প্রাণীটির মাথার খুলি এবং চোয়ালের পেশি পুনর্গঠন করে চমকপ্রদ তথ্য পান। দেখা যায়, খাবার চিবানোর সময় এটি অন্যান্য ডাইনোসরের মতো চোয়াল ওপর-নিচে নাড়াত না; বরং সামনে-পেছনে সরাত। এই পদ্ধতি আধুনিক ফলভুক টিয়ার খাবার খাওয়ার কৌশলের সঙ্গে মিলে যায়।
গবেষকদের ধারণা, জিহ্বা ও চোয়ালের বিশেষ নড়াচড়া কাজে লাগিয়ে বড় বীজ থেকে ফলের শাঁস আলাদা করত প্রাণীটি।
ক্রিটেশিয়াস যুগে ফুল ও ফল উৎপাদনকারী উদ্ভিদের দ্রুত বিস্তার ঘটছিল। বিজ্ঞানীদের ধারণা, ওই সময় উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক বিবর্তন ঘটছিল। নতুন এই আবিষ্কার বলছে, ডাইনোসরদের খাদ্যাভ্যাস ও পরিবেশগত ভূমিকা সম্পর্কে প্রচলিত ধারণায় এখনো অনেক অজানা অধ্যায় রয়ে গেছে।