মহাকাশে একটি বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহের বিপজ্জনকভাবে কাছাকাছি চলে এসেছে রাশিয়ার তৈরি এক সামরিক স্যাটেলাইট। ইউক্রেনকে সামরিক ক্ষেত্রে তথ্যসহায়তা দেওয়া একটি পর্যবেক্ষক স্যাটেলাইটের মাত্র ৫০০ মিটারের (এক মাইলেরও কম দূরত্বে) মধ্যে এসেছে রুশ মহাকাশযানটি।
মহাকাশ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা লিওল্যাবসের বরাতে জানা গেছে, রুশ স্যাটেলাইটটির এই বিরল ও অনাকাঙ্ক্ষিত ‘ম্যানুভার’ আন্তর্জাতিক মহাকাশ সুরক্ষায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশবিষয়ক গবেষক জোনাথন ম্যাকডোয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মহাকাশে দুটি যানের মুখোমুখি হওয়া বা একসঙ্গে যুক্ত হওয়ার ঘটনা স্বাভাবিক হলেও পূর্বানুমতি ছাড়া অন্য কোনো দেশের স্যাটেলাইটের এত কাছাকাছি অন্য যানের চলে আসার ঘটনা সম্ভবত এটিই প্রথম।
‘কসমস ২৬১২’ নামের ওই রুশ স্যাটেলাইটটি কেন অন্য একটি বাণিজ্যিক যানের এত কাছে পৌঁছাল, সে বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, এটি মহাকাশে অন্য স্যাটেলাইটের ওপর নজরদারি বা ‘রেন্ডেভু অ্যান্ড প্রক্সিমিটি অপারেশন’-এর অংশ হতে পারে।
‘আইসাই-এক্স ৩৬’ নামের যে স্যাটেলাইটটির কাছে রুশ যানটি পৌঁছেছিল, সেটি ‘আইসাই’ নামের একটি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের পরিচালিত যান। বিশেষ এই স্যাটেলাইটে ‘সিনথেটিক অ্যাপারচার রাডার’ (এসএআর) প্রযুক্তি রয়েছে, যা দিন কিংবা রাতে যেকোনো আবহাওয়ায় পৃথিবীর অত্যন্ত স্পষ্ট ছবি তুলতে সক্ষম।
গত জানুয়ারি মাসে আইসাইয়ের সঙ্গে ইউক্রেন সরকারের চুক্তির আওতায় এই স্যাটেলাইটবহরটি ইউক্রেনীয় সামরিক বাহিনীকে কৌশলগত তথ্য ও নজরদারিতে সহায়তা করে আসছে।
কক্ষপথ পর্যবেক্ষণকারী সংস্থা লিওল্যাবস গতকাল সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ১৫ অক্টোবর রুশ ‘কসমস ২৬১২’ স্যাটেলাইটটি খুব দ্রুতগতিতে আইসাই-এক্স ৩৬-এর দিকে এগিয়ে আসতে থাকে। ১৬ অক্টোবর ভোরের মধ্যে ৩৫০ কিলোমিটার দূরত্ব থেকে ব্যবধান কমে দাঁড়ায় পাঁচ কিলোমিটারেরও কম।
সপ্তাহান্তে রুশ স্যাটেলাইটটি গতি সামলে নিয়ে খুব কাছাকাছি অবস্থান বজায় রাখে। পরে দেখা যায়, এটি আইসাই স্যাটেলাইটের মাত্র ৫০০ মিটার (প্রায় ১ হাজার ৬০০ ফুট) দূরত্বের মধ্যে চলে এসেছিল।
তবে গতকাল থেকে রুশ স্যাটেলাইটটি আবার আইসাইয়ের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছে বলে নিশ্চিত করেছে লিওল্যাবস।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) এক প্রতিবেদন অনুযায়ী, গত মে মাস থেকে চারটি রুশ সামরিক স্যাটেলাইট আইসাইয়ের কক্ষপথের সঙ্গে নিজেদের গতিরেখা মেলাতে শুরু করেছিল।
লিওল্যাবস তাদের বিশ্লেষণে বলেছে, এ ধরনের ম্যানুভারের মাধ্যমে কোনো শত্রুভাবাপন্ন দেশের স্যাটেলাইটের ওপর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সংকেত পাঠাতে বিঘ্ন ঘটানো (জ্যামিং) কিংবা ভবিষ্যতে কোনো মহাকাশ আক্রমণের প্রস্তুতি নেওয়া সম্ভব।
প্রতিষ্ঠানটির মতে, যদিও এই ঘটনার মাধ্যমে সরাসরি কোনো শত্রুভাবাপন্ন মনোভাব প্রমাণিত হয় না, তবে এর মাধ্যমে রাশিয়ার এমন এক সক্ষমতার পরিচয় পাওয়া যায়, যা ভবিষ্যতের কৌশলগত মহাকাশ অপারেশনে কাজে লাগানো যেতে পারে।
যুক্তরাজ্যের গবেষণা সংস্থা রুসি মনে করছে, এটি ভয় দেখানোর কৌশল কিংবা রেডিও ফ্রিকোয়েন্সি ছড়িয়ে আইসাই স্যাটেলাইটের যোগাযোগব্যবস্থা অকেজো করে দেওয়ার চেষ্টা হতে পারে।
ঘটনাটি নিশ্চিত করে আইসাই গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘আমরা উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবগত এবং এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের নেটওয়ার্ক বা কনস্টেলেশন অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও পরিষেবা নির্বিঘ্ন থাকে।’
তবে নিরাপত্তার খাতিরে এর চেয়ে বেশি মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটির মুখপাত্র।
অন্যদিকে, এই বিপজ্জনক ম্যানুভার পরিচালনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা তাদের মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: সিএনএন