পদার্থবিজ্ঞানে যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপককে চলতি বছরের মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কারে ভূষিত করেছে ‘আমেরিকান ফিজিক্যাল সোসাইটি’ (এপিএস)। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকায় জন্মগ্রহণকারী প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান।
গত বুধবার (১৮ নভেম্বর) প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদার্থবিজ্ঞানের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই চার শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া প্রিন্সটনের জ্যোতিঃপদার্থবিদ্যার প্রথম বর্ষের পিএইচডি শিক্ষার্থী ও অলিম্পিক জিমন্যাস্ট ইসাবেল কনরও স্নাতক পর্যায়ের গবেষণার জন্য এপিএস পুরস্কার লাভ করেছেন।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ‘ইউজিন হিগিন্স অধ্যাপক’ এম জাহিদ হাসান পারমাণবিক ও পৃষ্ঠতল পদার্থবিদ্যায় (Atomic or Surface Physics) অসামান্য অবদানের জন্য ‘ডেভিসন-জার্মার পুরস্কার’ লাভ করেছেন। অত্যাধুনিক সারফেস সায়েন্স কৌশল ব্যবহার করে কোয়ান্টাম পদার্থে বৈচিত্র্যময় ‘টপোলজিক্যাল স্টেট’ আবিষ্কারের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
অধ্যাপক জাহিদ হাসান টপোলজিক্যাল কোয়ান্টাম পদার্থ নিয়ে একাধিক মৌলিক আবিষ্কার করেছেন। এর মধ্যে রয়েছে থ্রি-ডি টপোলজিক্যাল ইনসুলেটর, যা ভেতরের অংশে বিদ্যুৎ প্রবাহ রোধ করলেও পৃষ্ঠতলে অবাধে বিদ্যুৎ পরিবহন করতে পারে। এ ছাড়া তিনি ‘ভাইল সেমিমেটাল’ (Weyl semimetal) নামক এক নতুন কোয়ান্টাম পদার্থ আবিষ্কার করেন, যেখানে ক্রিস্টালের ভেতরে ইলেকট্রন ভরহীন কণার মতো আচরণ করে। ১৯২৯ সালে বিজ্ঞানী হারমান ভাইল প্রথম এই কণার ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০১৯ সালে পেটেন্ট হওয়া এই আবিষ্কার কোয়ান্টাম বিজ্ঞান ও প্রকৌশলে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক জাহিদ হাসান বলেন, ‘এই ঐতিহ্যবাহী এপিএস পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ক্লিনটন ডেভিসন ছিলেন পরীক্ষামূলক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমার বৈজ্ঞানিক আদর্শদের একজন।’
বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা এম জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস-অস্টিন থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০১৭ সালে ইউজিন হিগিন্স অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
অধ্যাপক জাহিদ হাসান ছাড়াও প্রিন্সটনের অন্য যে তিনজন অধ্যাপক এপিএস পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন:
শ্যারন হ্যামেস-শিফার: রসায়নের এই অধ্যাপক রাসায়নিক পদার্থবিজ্ঞানে ‘আরভিং ল্যাংমুইর পুরস্কার’ পেয়েছেন। আণবিক, জৈবিক ও বস্তুগত পরিবেশে প্রোটনের কোয়ান্টাম প্রকৃতি নিয়ে নতুন তত্ত্ব এবং ‘নিউক্লিয়ার ইলেকট্রনিক অরবিটাল’ (এনইও) পদ্ধতি উদ্ভাবনের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
হাওয়ার্ড স্টোন: মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক ‘জুলিয়াস এডগার লিলিয়েনফেল্ড পুরস্কার’ লাভ করেছেন। ফ্লুইড ফিজিক্স ও সফট ম্যাটার ফিজিক্সে জটিল সমস্যার সমাধান এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানের সৌন্দর্য তুলে ধরার অসামান্য দক্ষতার জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
লরেন্স চেউক: পদার্থবিজ্ঞানের এই সহকারী অধ্যাপক অতি-শীতল পরমাণু ও অণু নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তরুণ গবেষকদের সম্মানজনক ‘আই.আই. রাবি পুরস্কার’ (I.I. Rabi Prize) অর্জন করেছেন। তিনি অপটিক্যাল টুইজার ব্যবহার করে অণুগুলোর মধ্যে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট তৈরিতে সফল হয়েছেন।
এ ছাড়া প্রিন্সটনের জ্যোতিঃপদার্থবিজ্ঞানের পিএইচডি শিক্ষার্থী ইসাবেল কনর স্নাতক পর্যায়ে নাক্ষত্রিক বিস্ফোরণ বা সুপারনোভা-চালিত অস্থিরতা নিয়ে গবেষণার জন্য ‘এপিএস লেরয় অ্যাপকার পুরস্কার’ পেয়েছেন। উল্লেখ্য, ইসাবেল কনর ২০২১ সালে টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের দলগত রিদমিক জিমন্যাস্টিকস দলের প্রতিনিধিত্ব করেছিলেন।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জেমস ওলসেন বলেন, ‘অধ্যাপক হাসানসহ আমাদের শিক্ষকদের এই অর্জন বিভাগের দীর্ঘদিনের উৎকর্ষ ও বৈজ্ঞানিক সৃজনশীলতারই প্রতিফলন।’