হোম > বিজ্ঞান

চোখ রাখুন মার্চের আকাশে, ঘটবে ৯ চমকপ্রদ ঘটনা

আজকের পত্রিকা ডেস্ক­

রাতের আকাশে আকাশগঙ্গা ছায়াপথ। ছবি: এআই

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ন্যাশনাল জিওগ্রাফিকের অনলাইনে আজ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আসছে মার্চে নয়টি চমকপ্রদ মহাজাগতিক ঘটনা ঘটবে। এর মধ্যে পূর্ণ চন্দ্রগ্রহণ, গ্রহের যুগলবন্দী হওয়া এবং আকাশগঙ্গার কেন্দ্র আরও স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ার ঘটনা অন্যতম।

সবগুলো ঘটনাই উত্তর আমেরিকার আকাশে দেখা গেলেও ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ থেকে কিছু ঘটনা প্রত্যক্ষ করা সম্ভব হবে না। এবার জেনে নেওয়া যাক, মার্চে কী কী মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।

গ্রহের শোভাযাত্রা

চলতি ফেব্রুয়ারিতে সৌরজগতের ছয়টি গ্রহ এক সারিতে চলে এসেছিল। এ ঘটনার সাক্ষী যারা হতে পারেননি, মার্চ মাসে তা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন তাঁরা। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দিগন্তের কাছে দেখা যাবে বুধ, শুক্র ও শনি। একই সময়ে বৃহস্পতি থাকবে দক্ষিণ-পূর্ব আকাশে অনেক উঁচুতে। নেপচুন ও ইউরেনাসও দিগন্তের ওপরে থাকবে। তবে শক্তিশালী টেলিস্কোপ ছাড়া গ্রহের এই সারি প্রত্যক্ষ করা দুরূহ হবে।

পূর্ণ চন্দ্রগ্রহণ (ব্লাড মুন)

আগামী ৩ মার্চ ভোরে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ। এ সময় পূর্ণিমার চাঁদ কমলা-লাল আভা ধারণ করবে, যাকে ‘ব্লাড মুন’ বলা হয়। এই সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেবে। চাঁদ পৃথিবীর পূর্ণ ছায়ায় ঢুকে পড়বে। এই অবস্থায় ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো ছড়িয়ে পড়বে। আর লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো চাঁদে পৌঁছে তাকে কমলা-লাল রঙে রাঙিয়ে তুলবে। যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য থেকেই এ ঘটনা দেখা যাবে।

শুক্র-শনি যুগলবন্দী

আগামী ৭ ও ৮ মার্চ সন্ধ্যায় শুক্র ও শনি খুব কাছাকাছি অবস্থানে আসবে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দিগন্তের সামান্য ওপরে প্রায় ৪৫ মিনিট এই দৃশ্য দেখা যাবে। এ সময় টেলিস্কোপে দুই গ্রহকে পাশাপাশি দেখা সম্ভব হবে।

অমাবস্যা ও পিরামিডের মতো আলোর আভা

আগামী ১৯ মার্চ অমাবস্যা। চাঁদের আলো না থাকায় গভীর মহাকাশের বস্তু, যেমন বিহাইভ ক্লাস্টার, দেখার দারুণ সুযোগ এটি। এ সময় সূর্যালোক ধূলিকণায় প্রতিফলিত হয়ে দিগন্তের ওপরে পিরামিডের মতো হালকা আলোর আভা তৈরি করবে। সূর্যাস্তের প্রায় দেড় ঘণ্টা পর পশ্চিম আকাশে নজর রাখলে এটি দেখা যেতে পারে।

বসন্ত বিষুব

আগামী ২০ মার্চ উত্তর গোলার্ধে বসন্তের সূচনা। এ সময় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখার সম্ভাবনা বাড়বে।

চাঁদ ও প্লিয়াডিস নক্ষত্রপুঞ্জ

আগামী ২২ মার্চ সরু চাঁদ রাতের আকাশের উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ প্লিয়াডিসের কাছে অবস্থান করবে। সূর্যাস্তের ৬০ থেকে ৯০ মিনিট পর পশ্চিম আকাশে তাকালেই এ দৃশ্য দেখা যাবে। একই সঙ্গে উজ্জ্বল শুক্র গ্রহও চোখে পড়তে পারে।

বৃহস্পতি-চাঁদের মিলন

আগামী ২৬ ও ২৭ মার্চ রাতে বৃহস্পতি ও প্রায় পূর্ণ চাঁদ দক্ষিণ-পশ্চিম আকাশে ওরিয়ন নক্ষত্র মণ্ডলের কাছে পাশাপাশি অবস্থান করবে। সূর্যাস্ত থেকে ভোর পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে।

রেগুলাস নক্ষত্র আড়াল করবে চাঁদ

আগামী ২৯ মার্চ রাতে চাঁদ ও উজ্জ্বল নক্ষত্র রেগুলাস কাছাকাছি আসবে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চল থেকে দেখা যাবে ‘লুনার অকাল্টেশন’, যেখানে চাঁদ সরাসরি নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করবে।

আকাশগঙ্গার কেন্দ্র আরও স্পষ্ট হবে

আমরা যে ছায়াপথের বাসিন্দা, তার নাম মিল্কিওয়ে। বাংলায় এর নাম আকাশগঙ্গা। মার্চে ভোরের আগে আকাশগঙ্গার উজ্জ্বল কেন্দ্র আরও স্পষ্ট দেখা যাবে। দক্ষিণ-পূর্ব আকাশে সূর্যোদয়ের আগে এটি দেখা দেবে। দূষণ কম এমন জায়গায় দৃশ্যটি সবচেয়ে ভালো দেখা যাবে।

অমরত্বের সন্ধানে পুতিন: ২৬ বিলিয়ন ডলারের প্রকল্পের নেতৃত্বে মেয়ে

১৫৪ বছর আগের ভুতুড়ে জাহাজ ‘মেরি সেলেস্টের’ রহস্য উদ্‌ঘাটন

পৃথিবী থেকে চাঁদের চেয়ে চার গুণ কাছে এসেছে একটি গ্রহাণু

আত্মার অমরত্ব নিয়ে বিজ্ঞানীদের ভাবাচ্ছে মৃত্যুর কাছাকাছি তিনটি অভিজ্ঞতা

১৮০ বছর আগে আর্কটিক অভিযানে গিয়ে নিখোঁজ ৪ নাবিকের দেহাবশেষ শনাক্ত

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্‌ঘাটনের দাবি বিজ্ঞানীদের, কী মিলল সেখানে

মশার বিরুদ্ধে রসুন এক গোপন অস্ত্র—গবেষণায় প্রকাশ

মোগলদের ‘সুপারকম্পিউটার’: লন্ডনে নিলামে বিক্রি হলো রেকর্ড দামে

যুক্তরাষ্ট্রে জেল খেটেছেন, এখন চীনের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ প্রকল্পের নেতৃত্বে মার্কিন বিজ্ঞানী

শজনেগাছ এবার পানি থেকে মাইক্রোপ্লাস্টিক সরানোর ক্ষমতা দেখাল