হোম > বিজ্ঞান

শিগগিরই এক আগন্তুকের দেখা পাবে রহস্যময় বুধ গ্রহ

আজকের পত্রিকা ডেস্ক­

বুধ গ্রহের কাছাকাছি পৌঁছে একটি সেলফি তুলেছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ছবি: বিবিসি

প্রায় ৬০০ কোটি মাইল বা ১০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আট বছরের দীর্ঘ মহাকাশযাত্রার শেষ প্রান্তে পৌঁছেছে ‘বেপিকলম্বো’। ইউরোপীয় ও জাপানি মহাকাশ গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে পাঠানো এই মহাকাশযানটি এবার সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করতে যাচ্ছে। বিজ্ঞানীদের আশা, এই অভিযানের মাধ্যমে গ্রহটি সম্পর্কে দীর্ঘদিনের অনেক রহস্যের সমাধান মিলবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিবিসি জানায়, বুধ গ্রহের পরিবেশ অত্যন্ত প্রতিকূল। সূর্যের কাছাকাছি হওয়ায় সেখানে দিনের তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। আবার রাতে তা নেমে যায় মাইনাস ১৮০ ডিগ্রিতে। পাশাপাশি গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের মুখে থাকে।

২০১৮ সালে পৃথিবীর ফ্রেঞ্চ গায়ানা থেকে যাত্রা শুরু করেছিল বেপিকলম্বো। সূর্যের প্রবল মহাকর্ষীয় আকর্ষণ সামলে বুধের কক্ষপথে পৌঁছাতে মহাকাশযানটিকে দীর্ঘ ও জটিল পথ অনুসরণ করতে হয়েছে। এ সময় এটি পৃথিবীকে একবার, শুক্র গ্রহকে দুবার এবং বুধকে ছয়বার প্রদক্ষিণ করেছে। সাত বছরে অভিযান শেষ হওয়ার কথা থাকলেও প্রপালশন ব্যবস্থার ত্রুটির কারণে সময় বেড়ে আরও এক বছর যুক্ত হয়।

বুধের কক্ষপথে প্রবেশের সময় মহাকাশযানটিকে ৩৭ মিনিটের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৌশল সম্পন্ন করতে হবে। এ সময় কোনো ত্রুটি হলে গ্রহটির পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে যানটি।

এর আগে নাসার দুটি মহাকাশযান বুধে অভিযান চালিয়েছে। ১৯৭০-এর দশকে গ্রহটিকে তিনবার অতিক্রম করেছিল ‘মেরিনার-১০ ’। পরে ২০১১ সালে বুধের কক্ষপথে প্রবেশ করে চার বছর গবেষণা চালায় ‘মেসেঞ্জার’।

বিজ্ঞানীদের অন্যতম আগ্রহের বিষয়, সূর্যের এত কাছে থাকার পরও বুধের মেরু অঞ্চলের গহ্বরে কীভাবে বরফ জমে রয়েছে। এ ছাড়া গ্রহটির পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার অদ্ভুত গর্তের উৎপত্তিও রহস্যময়। এসব গর্ত প্রায় এক লাখ বছরের পুরোনো বলে ধারণা করা হয়।

বুধের আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এর বিশাল ধাতব কেন্দ্র। গ্রহটির আকার ছোট হলেও এর কেন্দ্র তুলনামূলকভাবে অনেক বড়। বিজ্ঞানীদের ধারণা, অতীতে বড় কোনো সংঘর্ষে গ্রহটির বাইরের স্তর হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে।

অভিযানটির বিশেষত্ব হলো, এতে দুটি মহাকাশযান রয়েছে। বুধে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর এগুলো আলাদা হয়ে যাবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার পাঠানো যানটি গ্রহটির পৃষ্ঠ কাছ থেকে পর্যবেক্ষণ করবে। অন্যদিকে জাপানের যানটি দূর থেকে গ্রহটির পরিবেশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে।

দুটি মহাকাশযানের বিপুলসংখ্যক বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে বুধের গঠন, বিবর্তন এবং সূর্যের সঙ্গে এর মিথস্ক্রিয়া সম্পর্কে নতুন তথ্য পাওয়ার আশা করছেন গবেষকেরা।