হোম > রাজনীতি

একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের ইতিহাস কোনো একটি দল বা ব্যক্তির ইতিহাস নয়। মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থান, সবই বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি অধ্যায়কে বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়।

শহীদ ডা. মিলন দিবস এবং ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘৯০-এর ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ এ সভা আয়োজন করে।

বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে। অথচ তাঁর স্বাধীনতার ঘোষণা মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। ইতিহাস থেকে তাঁকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারণ, ইতিহাসের সত্য কখনো মুছে ফেলা যায় না।

রিজভী আরও বলেন, ৭ নভেম্বরকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস হতে পারে না, তেমনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনকেও বাদ দেওয়ার সুযোগ নেই। ওই আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ এবং আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল ও লুৎফুর রহমানসহ ছাত্রনেতাদের ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

নব্বইয়ের গণ-অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাই চব্বিশের জুলাই বিপ্লবকে প্রভাবিত করেছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের চেতনা পরবর্তী সময়ে জুলাইয়ের গণ-অভ্যুত্থানকেও প্রভাবিত করেছে এবং স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পরবর্তী সংগ্রামগুলোতেও কাজ করেছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের তিনি নিজেও সক্রিয়ভাবে রাজপথে ছিলেন জানিয়ে

রিজভী বলেন, ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে তাঁর শরীরে গুলি লাগে। নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও স্মৃতি গভীরভাবে জড়িয়ে রয়েছে। এরশাদের পতনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক বিজয় তাকে পরবর্তী দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও অনুপ্রাণিত করেছে এবং সেই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে।

এ সময় গণতন্ত্র সুসংহত করার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, জুলাইয়ের অর্জনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। তবে শুধু সরকার পেলেই হবে না, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে হবে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি (সহসভাপতি), বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান আমানউল্লাহ আমান। তিনি বলেন, ডা. মিলন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল। তার অবদান ছাত্র সমাজের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, পাবনা জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।