ছয় মাসে অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোথাও ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে। সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগির প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। আগামী ৬ মাসে সরকারের কাজ আরও জোরালো ও কার্যকর রূপ নেবে বলে জানান রিজভী।
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচির উল্লেখ করে রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়গুলোতে একযোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, শপথ গ্রহণের পূর্বে পদত্যাগ করার কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। তবে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদে ছিলেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন, তাই তিনি নিজ দায়িত্ববোধ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ও পদত্যাগ করেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘এ বিষয়ে আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। কোনো ডাইরেক্টিভস বা কোনো ইনস্ট্রাকশন আমার কাছে আসেনি।’
দলের হাইকমান্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়ে থাকলেও তা জানা নেই উল্লেখ করে রিজভী বলেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সংবাদ সম্মেলনের শেষদিকে খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ম্যাডামের বিষয়টা আমাদের জাতির একটা আবেগের বিষয়। আমি মনে করি আপনারা এই বিষয়টিকে একটু গুরুত্বসহ তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) ও প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) তারিকুল আলম তেনজিং প্রমুখ।