নন-এমপিও শিক্ষকেরা সাধারণ জীবন যাপন করতে পারছেন না, তাই তাঁদের প্রতি শিক্ষামন্ত্রী ও সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের’ কেন্দ্রীয় কমিটির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
দীর্ঘদিন শিক্ষকতায় থেকে শেষ জীবনে এসে খালি হাতে নন-এমপিও শিক্ষকদের বিদায় করা খুবই অমানবিক বলে মন্তব্য করেন মুজিবুর রহমান। তিনি বলেন, মানবিক কারণে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত তাঁদের আর্থিক সহায়তা দেওয়া।
জামায়াতের এই নেতা বলেন, বিএনপি নির্বাচনের আগে বলেছিল, তারা ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে; কিন্তু তারা এখন তা করছে না। তবে জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি অধিকার আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত এমপিও দিয়ে দেওয়ার আহ্বান জানান মুজিবুর রহমান। এ ছাড়া দেশের অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁদের ন্যায্য পাওনা পাচ্ছেন না—এমন অভিযোগও করেন তিনি। অবিলম্বে তাঁদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান মুজিবুর রহমান। তিনি আশ্বাস দেন, শিক্ষকদের দুঃখ-দুর্দশা দূর করতে পাশে থাকবে জামায়াত।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এ বৈষম্য দূর করতে হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ করা প্রতিষ্ঠানগুলোকে এমপিও করার ক্ষেত্রে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলিত নন-এমপিও শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম ও অধ্যক্ষ নাজমুস শাহাদাৎ আজাদী। এ ছাড়া সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ প্রমুখও উপস্থিত ছিলেন।