ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা ও ধোঁকাবাজি করলে তা কখনো ইসলাম হতে পারে না। বরং এ ধরনের কর্মকাণ্ড ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
আজ শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি এ কথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, জনগণ জুলাই-পরবর্তী সময়ে যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নেই। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সৈয়দ রেজাউল করীম আরও বলেন, কালো বর্ণের লোকের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম দিয়ে অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা ও ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না। বরং ইসলামের নামে বিজাতীয় সংস্কৃতি, অনৈতিকতা ও অনৈসলামিক কর্মকাণ্ড করা হয়, তাতে ইসলাম কলঙ্কিত হয়।
বর্তমানে সংসদে কার্যকর কোনো বিরোধী দল নেই বলে মন্তব্য করেন দলটির মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন, জামায়াত জোটের সংসদ সদস্যরা সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছেন। তাঁরা সংসদে কুসুম কুসুম বিরোধিতা করেন, কিন্তু জনগণের স্বার্থে কথা বলেন না।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ প্রমুখ।