হোম > রাজনীতি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের দাবি এনসিপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় এনসিপি।

দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা কর্মীকে দেখা গেছে।

একজন সাবেক সরকারপ্রধান ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে এভাবে ঘিরে ধরে অপদস্থ ও লাঞ্ছিত করার ঘটনাকে দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে এনসিপি। বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ দেশের মাটিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পেরে বিদেশের মাটিতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের অপমান ও অপদস্থ করার পথ বেছে নিয়েছে। দলটি এ ধরনের কর্মকাণ্ডকে রাজনীতি হিসেবে বিবেচনা করলেও বাংলাদেশের জনগণ একে সন্ত্রাস হিসেবে দেখে বলে দাবি করেছে এনসিপি।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয় বলে আবারও প্রমাণিত হয়েছে।

এনসিপি দাবি করেছে, ঘটনার ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে হেনস্তায় অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করতে হবে। গণমাধ্যমে যেসব আওয়ামী লীগ ও যুবলীগ নেতার নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। বিচার নিশ্চিত না করে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার আলোচনা ষড়যন্ত্রমূলক এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতা বলে বিবেচনা করে এনসিপি।