হোম > রাজনীতি

পয়লা বৈশাখে এনসিপির বর্ণিল শোভাযাত্রা, ছিল গানের আয়োজন ও মেলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: আজকের পত্রিকা

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরের নেভি গলি থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে বাংলামোটর হয়ে আবার নেভি গলিতে এসে শোভাযাত্রা শেষ হয়। এনসিপির সাংস্কৃতিক সেল এই শোভাযাত্রার আয়োজন করে।

রঙিন বৈশাখী পোশাক পরে ঢাকের বাদ্যের তালে তালে সড়কে হেঁটে হেঁটে নতুন বছরকে স্বাগত জানান এনসিপির নেতা-কর্মীরা। শোভাযাত্রা থেকে তাঁরা সম্প্রীতির বার্তা দেন।

শোভাযাত্রা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে এনসিপি ৷ এ দিন দুপুর তিনটার দিকে এনসিপির সংস্কৃতি সেলের আয়োজনে নেভি গলিতে বৈশাখী মেলা শুরু হয়। সেখানে বায়োস্কোপ, মাটির তৈজসপত্রের দোকান ছাড়াও ফুচকাসহ বিভিন্ন খাবারের দোকান বসে। সেখান থেকে ৩টা ৪০ মিনিটে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার প্রথম তিন সারিতে ছিলেন এনসিপির নেত্রীরা, এরপর ছিলেন নেতারা। নেত্রীদের অধিকাংশই রঙিন শাড়ি পরেছিলেন। অনেকের হাতে ছিল কুলা। আর পুরুষদের অনেকে সাদা পাঞ্জাবির পাশাপাশি মাথায় পরেছিলেন নতুন গামছা। শোভাযাত্রায় অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। এর কোনোটিতে লেখা ছিল ‘নতুন বছরের আলোয় মুছে যাক সব বিভাজন, গড়ে উঠুক ভালোবাসা আর সম্প্রীতির বন্ধন’, আবার কোনোটিতে লেখা ছিল ‘ঢাকের তালে উঠুক ডাক, সকল গ্লানি মুছে যাক’।

বিকেল সাড়ে ৪টার দিকে নেভি গলিতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, এনসিপি বাংলা বছরের প্রথম দিনে বাংলাদেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা এবং দেশকে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা জানিয়ে নতুন বছর শুরু করছে। সবাইকে এই লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান জানান তিনি।

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: আজকের পত্রিকা

সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আরও ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ জ্যেষ্ঠ নেতারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী আশিক ও তাঁর দল এবং বাউল কাজল দেওয়ানসহ আরও বেশ কয়েকজন শিল্পী।

এনসিপির নেতৃবৃন্দ পরে মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় তারা শিঙাড়া, ফুচকা, পুডিং, জিলাপি ও মুড়িমুড়কি খান। এ সময় সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, প্রতিবছর পয়লা বৈশাখে হালখাতা খুলে যেভাবে সব বকেয়া পরিশোধ করা হয়, সেভাবে ক্ষমতাসীন বিএনপি সরকার যেন জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করে। এই বকেয়া হচ্ছে জুলাই সনদ। সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে। সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে। কিন্তু জনগণ সংস্কারটা পায়নি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে। নতুন সরকার নতুনভাবে কার্যক্রম করছে। ফলে জনগণের বাকি রয়ে গেছে রক্তের দেনা, রক্তের ঋণ।

নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার, এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জুলাই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে, গণভোটের রায় মানতে চাইছে না, আমরা তাদের বলতে চাই, অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। আমরা আশা করব, দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেগুলোকে বিল হিসেবে এনে আইনে পরিণত করা হবে।’

সংসদে বিরোধী দল স্পিকারের নিরপেক্ষতা পায়নি: জামায়াত আমির

‘৫ আগস্টের চেতনা আজ পদদলিত’ পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে খ্রিষ্টান কমিউনিটির সাক্ষাৎ

তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি: আখতারকে আইনমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শুরু শুক্রবার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচি

স্থানীয় নির্বাচন: বড় দলের ‘বঞ্চিতদের’ ভেড়াতে চায় এনসিপি

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি: মাহফুজ আলম

চীন সফরে রওনা দিয়েছে বিএনপির প্রতিনিধিদল

এল নতুন সংগঠন ‘উন্মোচন’, করবে কৃষকের অধিকার ও শিকড়ের সন্ধান