হোম > রাজনীতি

সড়ক দুর্ঘটনায় আহত খাদ্য প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতিমন্ত্রী আবুল বারীকে হাসপাতালে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

রুহুল কবির রিজভী কিছুটা সময় প্রতিমন্ত্রী আবুল বারীর পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

এর আগে সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন। পরে দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

জয়পুরহাট জেনারেল  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানিয়েছেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পায়ে এবং বুকে আঘাত লেগেছে।