হোম > রাজনীতি

নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা পালন করবেন—প্রত্যাশা জামায়াত আমিরের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় এমন আশাবাদ ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা।

অভিনন্দন বার্তায় শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’

বিশেষ করে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন জামায়াত আমির।

বিরোধীদলীয় নেতা বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের চারদলীয় জোট সরকারের সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জামায়াত আমিরের প্রত্যাশা, তাঁর (মির্জা ফখরুল) দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন বিরোধীদলীয় নেতা।