‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক সোহেল আখঞ্জির বর্ণনার সময় ভুল করে জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এনসিপি সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তথ্যচিত্রে হবিগঞ্জের সাংবাদিক সোহেল আখঞ্জিকে ২০২৪ সালের ৪ জুলাই শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হলেও তাঁর ছবির পরিবর্তে সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি দেখানো হয়।
বিষয়টি নিয়ে সাংবাদিক মিজানুর রহমান সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি মিজানুর রহমান সোহেল। পেশায় লেখক ও সাংবাদিক এবং হ্যাঁ, আমি এখনো জীবিত আছি।’ তিনি বলেন, একজন জীবিত মানুষকে মৃত বা শহীদ হিসেবে উপস্থাপন করা শুধু তথ্যগত ভুল নয়, এর সামাজিক ও পেশাগত প্রভাবও রয়েছে। ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, পরিচিতজন ও সহকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
মিজানুর রহমান সোহেল প্রশ্ন তোলেন, কোনো সাংবাদিকের নাম ও ছবি প্রকাশ্য অনুষ্ঠানের উপস্থাপনায় ব্যবহারের আগে তথ্য যাচাই করা হয়নি কেন। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাইয়ের দায়িত্ব আরও বেশি গুরুত্ব পাওয়ার কথা বলেও উল্লেখ করেন তিনি।
মিজানুর রহমান সোহেল সর্বশেষ কালবেলার অনলাইন বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত নেই।
পরে এনসিপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেএ আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক স্মৃতিচারণা অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হবিগঞ্জের সাংবাদিক সোহেল আখঞ্জির বর্ণনার সময় ভুলক্রমে সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করা হয়েছে। এটি একান্তই ভুলবশত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার জগতে মিজানুর রহমান সোহেল সুপরিচিত নাম। এ ধরনের ভুলের জন্য এনসিপির মিডিয়া, ব্র্যান্ডিং ও প্রচারবিষয়ক উপকমিটির পক্ষ থেকে মিজানুর রহমান সোহেলসহ সবার কাছে দুঃখপ্রকাশ করা হচ্ছে। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যও অনুরোধ জানানো হয়।