হোম > রাজনীতি

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে

নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে সড়কে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

সড়ক খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে সোচ্চার থাকবে। পাশাপাশি সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

পরিবহন খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে রিজভী আরও বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসংগত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদেরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।

এর আগে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ও মিছিলসহ সমাধিতে উপস্থিত হন। পরে রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।