দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফেরাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির প্রতিনিধি সভায় এসব কথা বলেন রুহুল আমিন হাওলাদার।
রুহুল আমিন হাওলাদার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি ও গ্যাসের সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট প্রতিরোধ এবং জ্বালানি ও গ্যাস সরবরাহে স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জাপার মহাসচিব।
নারীদের নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, নারীদের বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী অধিকার ও নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে তাদের পাশে দাঁড়াতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী, জাতীয় মহিলা পার্টির প্রধান সমন্বয়কারী ও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা। তিনি বলেন, জাতীয় মহিলা পার্টিকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে দেশের সর্বস্তরের নারী নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত সভা, মতবিনিময়, প্রশিক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
নাসরিন জাহান রতনা আরও বলেন, নতুন প্রজন্মের নারী নেতৃত্ব তৈরি করতে শিক্ষিত, দক্ষ, কর্মঠ ও সমাজসচেতন নারীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, নারীর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা তৈরির মতো বিষয়েও জাতীয় মহিলা পার্টিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান, নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মুন্নি, ডা. সেলিমা খান, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আকবর রুনা, রিলু বেগম, রওশন আরা বেবি, বাবলি ইয়াসমিন প্রমুখ।