হোম > রাজনীতি

প্রথমে বর্জন, পরে একমাত্র প্রতিনিধির ভোট—অতঃপর রাষ্ট্রপতিকে অভিনন্দন ইসলামী আন্দোলনের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসার অভিযোগ জানিয়ে নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও দলের একমাত্র সংসদ সদস্য ভোটে অংশ নিয়েছেন। এবার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দনও জানিয়েছেন দলটির আমির সৈয়দ রেজাউল করীম।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান চরমোনাই পীর।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে আলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, রাষ্ট্রপতি দেশের সর্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতীক।’

রেজাউল করীম নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ জানান।

নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি আরও বলেন, তিনি (মির্জা ফখরুল) মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তাঁর সাধনা সর্বজনবিদিত।

রেজাউল করীমের মতে, এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে বসা রাজনীতির জন্য ইতিবাচক। যে আশাবাদ নিয়ে নতুন রাষ্ট্রপতি বঙ্গভবন যাচ্ছেন, সেই আশাবাদকে কাজে রূপান্তর করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।