গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল বুধবার রাজধানীতে গণসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন জোট ১১ দলীয় জোট। কই সঙ্গে আগামী বৃহস্পতিবার দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে দলগুলো।
আজ রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক থেকে এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ আগস্ট বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের গণসমাবেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ ছাড়াও ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্য শীর্ষ নেতারা।