হোম > রাজনীতি

বিরোধী দলকে গঠনমূলক বিরোধিতার ও অসহিষ্ণু না হওয়ার পরামর্শ সম্পাদকদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা।

আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সভায় বিরোধীদলীয় নেতার উদ্দেশে সম্পাদকদের দেওয়া এসব পরামর্শের কথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সভায় সম্পাদকেরা পরামর্শ দিয়েছেন, আপনারা বিরোধিতা করেন। গঠনমূলকভাবে আলোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথেও থাকেন; কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারে কোনো কোনো সম্পাদক আমাদের আমিরে জামায়াতের সহযোগিতা কামনা করেছেন।’

মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

গোলাম পরওয়ার জানান, সভায় জামায়াত আমির দেশের বর্তমান পরিস্থিতিতে জামায়াত তথা ১১ দলীয় ঐক্য সংসদে যে ভূমিকা পালন করছে, তা তুলে ধরেছেন। বিশেষ করে, দেশের জাতীয় সমস্যা, জনদুর্ভোগ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট নিরসনে তাঁদের রাজনৈতিক ও সংসদীয় ভূমিকার বিষয়টি তুলে ধরেছেন।

জামায়াত সেক্রেটারি আরও জানান, বিরোধীদলীয় নেতা সম্পাদকদের বলেন—প্রথাগত বিরোধী দলের যে রাজনীতি, সেটা ভেঙে তাঁরা দেশের স্থিতিশীলতা, রাজনীতি ও গণতন্ত্রের উত্তরণে ভালো কাজে সরকারকে সাহায্য করবেন এবং সব মন্দ ও জনস্বার্থবিরোধী কাজে প্রতিবাদ জানাবেন। জামায়াত এই পলিসির ওপরেই আছে।

পরওয়ার বলেন, সম্পাদকদের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর এই সংসদীয় ভূমিকার প্রশংসা করা হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে, ‘গঠনমূলকভাবে দেশকে স্থিতিশীল রেখে, সরকারের বিরোধিতার জায়গায় বিরোধিতা এবং সহযোগিতার জায়গায় সহযোগিতা করে বিরোধী দল যে একটা বৃহৎ ভূমিকা পালন করছে, এটা আমরা এই প্রথম দেখতে পাচ্ছি।’

জামায়াত আমির সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তাঁরা সব অন্যায়, গণবিরোধী ও জনস্বার্থবিরোধী কাজে সব সময় প্রতিবাদ জানিয়ে যাবেন। তবে তাঁদের সেই বিরোধিতা ও প্রতিবাদ নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক হবে বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

সভায় বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক পরিস্থিতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়েও সম্পাদকদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময় হয়েছে বলে জানান জামায়াতের এই নেতা।

বিরোধীদলীয় নেতার সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টিরও প্রশংসা করা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি। সম্পাদকদের পক্ষ থেকে জানানো হয়, সুযোগ পেলে মাঝে মাঝে তাঁরা মতবিনিময় করবেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত আমির উন্নয়নকাজের বরাদ্দ, সংসদে কথা বলার ক্ষেত্রে সময়, আইন প্রণয়ন ও নোটিশ গ্রহণের ক্ষেত্রে বিরোধী দল হিসেবে ইনসাফ পায়নি বলেও সম্পাদকদের কাছে জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গণভোটের রায় কার্যকর করার প্রশ্নে ১১ দলীয় ঐক্য তিল পরিমাণ ছাড় দেবে না বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম বলেন, ‘এটা জামায়াতের আমিরের স্পষ্ট বক্তব্য। আমরা জনগণের রায়ের সঙ্গে আছি। সংসদে যদি এটি নিষ্পত্তি হয়, ভালো; তা না হলে ৭০ ভাগ জনগণ যেখানে আছে, আমরা সেখানেই চলে যাব।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্‌ফুজ আনাম, যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরীসহ অনেকে।