হাম ও ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে এবং নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা নেই বলে অভিযোগ করে জাতীয় পরিকল্পনা ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
গোলাম পরওয়ার বলেন, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগী ১১৩ জন শনাক্ত হয়েছে।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ১০৪ জন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, হামে আক্রান্ত শিশুদের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও সরকারের সময়োপযোগী ও কার্যকর ভূমিকার অভাবে পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুদের পরিবার ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকার আক্রান্তের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং আক্রান্তদের সুষ্ঠু ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাম নিয়ে সরকারের দায়সারা ভূমিকায় দেশবাসীর সঙ্গে তাঁরাও গভীরভাবে উদ্বিগ্ন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হামের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করলেও মাঠপর্যায়ে দৃশ্যমান পদক্ষেপ বা কার্যক্রম শুরু হয়নি বলে তিনি অভিযোগ করেন।
সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দায়সারা ও লোকদেখানো পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। লুটপাট ও নগ্ন দলীয়করণের কারণে মশকনিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে এবং লার্ভা ধ্বংসে ব্যর্থ হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যব্যবস্থা ভগ্নদশায় পড়েছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জীবন রক্ষায় অবিলম্বে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।