জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশকে ‘ধর্মযুদ্ধের’ দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলা।’
রোববার পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘দুর্বৃত্তরা, পতিত ফ্যাসিস্টরা এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলছে, তারা ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। একদিকে ফ্যাসিস্টরা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশও একই ধরনের কথা বলছে। এসবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন।’
অতীতে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দলটির ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।
সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও লংমার্চের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো সাড়ে ছয় মাসের মতো সময় পার করেছে। এ সময়ে সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে তাঁর সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্টরা আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেতে পারে।
রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের স্বার্থকে বিবেচনায় রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
মিরপুরের হাসপাতালে ভাঙচুর প্রসঙ্গে নুর বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি দেশের তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। তাঁর প্রতি মানুষের যে সংহতি ও সমবেদনা দেখা গেছে, তা ইতিমধ্যে সবার নজর কেড়েছে।