জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। আজ রোববার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। পরে তাঁরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে যান।
পরে সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আজকে সংসদের তৃতীয় অধিবেশন চলমান ছিল। অধিবেশনে আজকে একটি বৈঠক ছিল। বৈঠকটি জাতীয় সংসদের ইতিহাসে অন্যতম একটি কালো দিন। তাঁর ভাষ্য, বিরোধীদলীয় সংসদ সদস্যরা সবাই মুখে কালো কাপড় বেঁধে জনগণের সামনে দাঁড়িয়েছেন।
নাহিদ ইসলামের অভিযোগ, গুরুত্বপূর্ণ দুটি বিল সংসদে আনার সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দিতে চাইলেও তাঁকে যথাযথ সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, সংসদের ট্র্যাডিশন অনুযায়ী বিরোধীদলীয় নেতাকে কথা বলার জন্য ফ্লোর ওপেন করে দেওয়ার কথা। কিন্তু সেই জায়গায় বিরোধীদলীয় নেতাকে সম্মান করা হয়নি। স্পিকার পক্ষপাত করেছেন।
নাহিদ আরও বলেন, ওয়াকআউটের সময় সেটিকে অ্যাপ্রিশিয়েট করে মশকরা করা হয়েছে। স্পিকারের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশাজনক নয়।
নাহিদ ইসলামের অভিযোগ, সরকার দেশে মানবাধিকার সুরক্ষিত থাকুক, তা চায় না। তাঁর দাবি, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী আমলে যেভাবে মানবাধিকার হরণ ও গুম হয়েছিল, সরকার আবারও সেই পথ খোলা রাখতে চায়।
বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার আগে শক্তিশালী ও কার্যকর আইন করার কথা বললেও এখন তুলনামূলক দুর্বল বিল আনা হয়েছে। এ কারণেই জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের প্রক্রিয়ায় অংশ না নিয়ে তারা ওয়াকআউট করেছে।