গণভোট অবৈধ হলে বর্তমান সরকারের ক্ষমতা, মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রিত্বও অবৈধ হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে ৭০ শতাংশ মানুষ মতামত দিয়েছেন, অথচ সরকার সেই গণভোটকে অবৈধ বলছে। এটি দ্বৈতনীতি।
আজ সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার কাচারি এলাকায় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘আমরা চাই, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসুক। যাতে নতুন করে আর কোনো শেখ হাসিনা বা ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে না পারে। ১৯৭২ সালের সংবিধানে থাকা ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তন করা না গেলে ক্ষমতায় গিয়ে যে কেউ পাঁচ বছর পর নতুন স্বৈরাচারে পরিণত হওয়ার আশঙ্কা থাকবে।’
গণভোটের রায় নিয়ে সরকারের সমালোচনা করে মামুনুল বলেন, রাষ্ট্র মেরামতের জন্য ৭০ শতাংশ মানুষ গণভোটে মতামত দিয়েছেন, অথচ ক্ষমতায় গিয়ে সরকারের মুখপাত্র সংসদে দাঁড়িয়ে সেই গণভোটকে অবৈধ বলছেন। রাষ্ট্র মেরামতের ভোট অবৈধ আর সরকার নির্বাচনের ভোট বৈধ—এ কেমন দ্বৈতনীতি।
মামুনুল হক আরও বলেন, ‘একই মায়ের পেটে যমজ দুই সন্তান জন্ম নিলে একজন অবৈধ হলে আরেকজন কীভাবে বৈধ হয়? গণভোট যদি অবৈধ হয়, তাহলে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাই সনদের আলোকে বাংলাদেশকে পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে। সরকার এই উদ্যোগ নিলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের কাজে তাঁরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে জনগণের মতামত উপেক্ষা করে সংস্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নূর হোসেন নূরানী। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহ হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।