হোম > রাজনীতি

আখতার হোসেনের নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে এনসিপি

অপারেশন সার্চলাইট ছিল পরিকল্পিত গণহত্যা: ফেসবুকে নাহিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

সেই সঙ্গে মহান স্বাধীনতা দিবসে এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন দলের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় দলের মিডিয়া সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনী সুপরিকল্পিত অপারেশন সার্চ লাইট পরিচালনার মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে, যা পরবর্তীতে ‘বাংলাদেশ জেনোসাইড ১৯৭১’ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত এক নির্মম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণে পরিণত হয়। এই দিনটি কেবল একটি জাতির ট্র্যাজেডি নয় বরং সমগ্র মানবতার বিরুদ্ধে সংঘটিত এক নিষ্ঠুর রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক।

এনসিপি মনে করে, দমন-পীড়নের এই নির্মম অধ্যায় বাঙালির সংগ্রামী চেতনাকে নিঃশেষ করতে পারেনি। বরং এই সময় থেকেই প্রতিরোধের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যা ধীরে ধীরে একটি সর্বাত্মক মুক্তিসংগ্রামে রূপ নেয় এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার পরিণতি লাভ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় অস্তিত্বের ভিত্তি এবং ন্যায় ও মর্যাদার সংগ্রামে অনুপ্রেরণার উৎস। এই ঐতিহাসিক বাস্তবতা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং যেকোনো ধরনের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকা আমাদের সম্মিলিত দায়িত্ব। একই সঙ্গে এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

ন্যায়ভিত্তিক, মানবিক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

এদিকে, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পাকিস্তানি সামরিক জান্তা পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ ছিল একটি পরিকল্পিত গণহত্যা। যার লক্ষ্য ছিল বাংলার মানুষের কণ্ঠ, মর্যাদা ও আত্মপরিচয়কে দমন করা। গতকাল বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

২৫ মার্চ গণহত্যা দিবসের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের এই দিনটি কেবল একটি জাতির নয়, বরং এই অঞ্চলের মানুষ ও মানবিকতার বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক।

বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, সেই কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানার ইপিআর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ। নারী, শিশু, বৃদ্ধ, সংখ্যালঘু কেউই এর থেকে রেহাই পায়নি।

এই গণহত্যার উদ্দেশ্য ছিল মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা; কিন্তু তা ব্যর্থ হয়েছে। বরং এই রাত থেকেই শুরু হয় প্রতিরোধ-যা পরিণত হয় দীর্ঘ সংগ্রামে এবং শেষ পর্যন্ত স্বাধীনতার অর্জনে।

নাহিদ বলেন, গণহত্যা দিবসে আমাদের অঙ্গীকার, মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করি।

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় নিজেদের গড়ব, আমাদের হাতেই রচিত হবে আগামীর বাংলাদেশ: নাহিদ ইসলাম

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক

শেখ মুজিব ৭২-এর সংবিধান জায়গায় রাখলেন না, আপনি কোন নতুন প্রেমিক: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন

অপারেশন সার্চলাইট ছিল পরিকল্পিত গণহত্যা: নাহিদ ইসলাম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার

প্রতিমন্ত্রী হওয়ায় উপজেলা বিএনপির পদ ছাড়লেন মীর শাহে আলম

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা