স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং সম্পদ ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারার অভিযোগ তুলে সরকারের দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এ নীতি থেকে বেরিয়ে না এলে তাদের সঙ্গে ঐক্যের প্রশ্ন আসে কীভাবে?
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করে না। কিন্তু যারা জ্বালাও পোড়ায় ধ্বংসের আন্দোলন করছে, তাদের সঙ্গে আপনাদের (সরকার) আঁতাত বাদ দিয়ে স্পটভাবে আপনাদের অবস্থান জানাতে হবে।’
জামায়াত আমির বলেন, প্রতিনিয়ত দেখতে পারছেন তাদের কিছু নেতাকে বহিষ্কার করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, কেন... স্বৈরাচারের দোষদের সঙ্গে তারা যোগাযোগ রাখেন, তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, ওদেরকে সাথে নিয়ে নিজ দলীয় অফিস উদ্বোধন করেন, তাদের সম্পদ এবং তাদের ব্যবসার ভাগ বাঁটোয়ারা নেয়, এই দ্বিমুখী নীতি থেকে সরকার যদি বের না হয়ে আসে তাহলে কিসের ঐক্য সরকারের সাথে?