বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের বৈঠক
সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা এবং জনস্বার্থবিরোধী কাজের প্রতিবাদ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতাদের জামায়াত আমিরের দেওয়া এমন আশ্বাসের কথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে জামায়াত আমির বিটিএমএ নেতাদের বলেছেন, অতীতের দলগুলোর মতো কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার কালচার তাঁরা লালন করেন না। গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের পার্লামেন্টে বর্তমান বিরোধী দল যে পলিসি অনুসরণ করছে তা হলো, সরকারের সব ভালো কাজে আমরা সহযোগিতা করব, সব জনস্বার্থবিরোধী কাজের প্রতিবাদ করব, তাঁদের ভুল ধরিয়ে দেব এবং সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তখন প্রয়োজন হলে প্রতিবাদ, সমালোচনা ও প্রতিরোধ করা—এ ভূমিকা বিরোধী দলে গঠনমূলকভাবে আমরা পালন করব।’
সংবাদ সম্মেলনে বিটিএমএয়ের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, ‘বৈঠকে আমরা উনাকে (শফিকুর রহমান) অবহিত করেছি যে, বিদ্যমান অনেক সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এই সমস্যাগুলো আমরা গণমাধ্যম ও সরকারের কাছে সরাসরিও জানিয়েছি। সরকারও বিভিন্ন সময় আমাদের সমস্যা খুব ধৈর্য সহকারে শুনেছে এবং এড্রেস করেছে।’
প্রধানমন্ত্রী নিজে সময় দিয়েছেন এবং অনেক সমস্যা ইতিমধ্যেই সমাধান করেছেন জানিয়ে শফিকুল ইসলাম সরকার আরও বলেন, ‘কিছু কিছু সমস্যা নিয়ে আমরা এখনো কাজ করছি। বিরোধীদলীয় নেতা আমাদের আশ্বস্ত করেছেন যে, সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এ সমস্যাগুলোর সমাধান যাতে দ্রুত পাওয়া যায় সে ব্যাপারে উনিও আলোকপাত করবেন।’
বিটিএমএ নেতা জানান, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনো সমস্যার মুখোমুখি হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন। এসব সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথাও তাঁরা তুলে ধরেছেন। এ ছাড়া এনার্জি বন্ড ও সুতার অপব্যবহারসহ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়েও সরকারের সঙ্গে তাঁদের আলোচনা চলছে বলে তাঁরা জানিয়েছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন, বিটিএমএয়ের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, পরিচালক মো. শাহিদ আলম, সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসেন মেহমুদসহ অনেকে।