নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ শনিবার সকাল ৭টায় ভারতের কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলটির একাধিক নেতা ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান রোটন। সেখানে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি এ রোগের সঙ্গে লড়াই করছিলেন।
গত কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে রোটনের বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, মাত্র এক বছর বয়সী যমজ শিশুপুত্র, এক ভাই সহ দেশ-বিদেশের অসংখ্য বন্ধু-স্বজন, সহকর্মী-সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রোটনের মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো জানা যায়নি। তাঁকে চট্টগ্রামে গ্রামের বাড়িতে, নাকি ঢাকায় দাফন করা হবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় সংগঠনটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।