হোম > রাজনীতি

নতুন কমিটি নিয়ে জেলায় জেলায় অবরোধ, বিক্ষোভ, সংঘাত

আজকের পত্রিকা ডেস্ক­

বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে সড়ক অবরোধ করে পদবঞ্চিতদের বিক্ষোভ। গতকাল নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে। আজকের পত্রিকা

দীর্ঘদিন পর জেলায় জেলায় কমিটি দিতে শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। তবে নতুন এসব কমিটি নিয়ে ইতিমধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পর গতকাল সোমবার রাঙামাটিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নোয়াখালী ও কিশোরগঞ্জে নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বরিশালের কমিটিতে ছাত্রলীগ-সংশ্লিষ্টরা স্থান পেয়েছেন বলেছেন অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা।

রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা বিক্ষোভ করেন। এ সময় কমিটিতে স্থান পাওয়াদের নিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। এতে সংঘর্ষের সূত্রপাত হয়। গতকাল বেলা ৩টার দিকে কোতোয়ালি থানার অন্তর্গত রাঙামাটি পৌরসভা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় সংগঠনের পদবঞ্চিত ও সংক্ষুব্ধ নেতা-কর্মীরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রশাসন শহরে সেনা মোতায়েন করে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। এ ছাড়া পরিস্থিতি সামাল দিতে রাঙামাটি পৌরসভা, কাঁঠালতলী, বনরূপা এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।

সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২ মে রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে। এর পরপরই পদবঞ্চিতরা অভিযোগ তোলেন, কমিটিতে জায়গা পাওয়া বেশির ভাগ সদস্যের ছাত্রত্ব নেই, অনেকে বিবাহিত, অষ্টম শ্রেণি পাসও রয়েছেন কয়েকজন। এই কমিটি বাতিলের দাবিতে গতকাল মাইজদী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে; পরে টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ, টায়ারে আগুন, সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা।

পরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিতরা। তাঁদের মধ্যে নতুন কমিটিতে জায়গা পাওয়া ১০ জন পদত্যাগের ঘোষণা দেন।

বিক্ষোভকারী নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বাড়ি নোয়াখালীতে হওয়ায় তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে দলীয় স্বার্থের বাইরে গিয়ে ব্যক্তিগত স্বার্থ আদায় করে আসছেন। গতকালের বিক্ষোভ থেকে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান

কিশোরগঞ্জের কমিটি ঘোষণার পর গতকাল দুপুরে শহরের ‘সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’ ব্যানারে মিছিল ও সমাবেশ করা হয়। মিছিল চলাকালে নেতা-কর্মীরা নবঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেট কমিটি’ আখ্যা দিয়ে জেলা বিএনপির সভাপতি ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান। তাঁরা বলেন, এবারের কমিটি শরীফুল আলমের করা সিন্ডিকেট কমিটি।

‘কমিটিতে ছাত্রলীগ’

বরিশালের জেলা, মহানগরের আহ্বায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত শনিবার রাতে। এই কমিটি ঘোষণার পরপরই এ নিয়ে সমালোচনা শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায়, জেলায় ১২ সদস্যের ও মহানগরে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির আংশিক ১২৭ জনের নাম প্রকাশ করা হয়েছে। অভিযোগ রয়েছে, মহানগরের আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দুজনেই বিবাহিত। আহ্বায়কের বিরুদ্ধে আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। অপর দিকে বিশ্ববিদ্যালয়ের কমিটিতে অনেকেই ছাত্রলীগ কর্মী ছিলেন।

ছাত্রদলের পদবঞ্চিত একটি পক্ষ অভিযোগ করেছে, জেলা ও মহানগর কমিটিতে পদধারীরা ছাত্রত্ব শেষ করেছেন অনেক বছর আগে। মহানগরের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তানজিল বিবাহিত। আহ্বায়ক তাসনিম ঢাকা পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থেকে সংঘর্ষের জেরে ২০০৯ সালে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।

তবে বিবাহিতের অভিযোগ অস্বীকার করে নগর আহ্বায়ক তাসনিম বলেন, ২০০৯ সালে তিনি বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেখানকার সাধারণ সম্পাদক শান্ত ইসলাম। তিনি বলেন, ‘কাউন্সিলরদের ভোটে আমরা সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়ে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু আমরা যেভাবে কমিটি সাজিয়েছিলাম, তার ৮০ ভাগ পরিবর্তন হয়েছে।’ ১২৭ জনের মধ্যে ছাত্রলীগ কর্মীও আছেন স্বীকার করে এই নেতা বলেন, টিম লিডাররা এসব করেছেন। তাঁরা এখন ফোন ধরেন না। কমিটিতে থাকা অসংগতিগুলো কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদককে অবহিত করা হবে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ছাত্রদলের কমিটি শতভাগ সঠিক হওয়া সম্ভব নয়। সবাইকে তো খুশি করতে পারবে না দল। যতটা পারা যায় সমন্বয় করা হয়েছে। তিনি বলেন, ছাত্রলীগে সম্পৃক্ততা আছে এমন কেউ কমিটিতে আছে প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য সব অভিযোগও দেখা হবে। কিন্তু মন্ত্রিপরিষদের কোনো সদস্য এ কমিটিতে প্রভাব খাটিয়েছেন, এমন তথ্য ভুল বলে তিনি মনে করেন।

মনিরার জন্য অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত, অন্যথায় নুসরাতের গেজেট প্রকাশ করবে ইসি

বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না: সারা হোসেন

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ ইসলাম

নুসরাতের গেজেট স্থগিত করতে ইসিতে মনিরার চিঠি

এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত: হাসনাত

জাকাত ও চাঁদা নিয়ে বিএনপি নেত্রী নিলোফারের বক্তব্যে জামায়াতের নিন্দা

সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে: এনসিপির কনভেনশনে বক্তারা

এবার এনসিপির ‘জাতীয় জনজাতি জোট’ সংগঠনের আত্মপ্রকাশ

মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

দাম বৃদ্ধির পর তেলপাম্পে যানবাহনের লাইন উধাও নিয়ে প্রশ্ন আখতারের