জনগণকে এক দফার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শনিবার সিরাজগঞ্জ জেলার হাটিকুমড়ুল এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনগণকে এক দফার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এক দফার ডাক যখন আসবে—এখনকার লং মার্চ শুরু হয়েছে ঢাকা থেকে এদিকে, তখন আপনাদের লং মার্চ করতে হবে সিরাজগঞ্জ থেকে ঢাকা।
জামায়াত আমির আরও বলেন, যদি এর মধ্যে আমাদের আট দফা দাবি আদায় হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা সংগ্রামী জনতাকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করব। কিন্তু যদি আট দফা দাবি আদায় না হয়, যেকোনো সময় আট দফা এক দফাতে পরিণত হবে।
ঘরে ঘরে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, আমাদের সালাম পৌঁছে দিন। আমাদের এই আন্দোলন কোনো দলের জন্য না, কোনো গোষ্ঠীর জন্য না, ১৮ কোটি মানুষের জন্য। ১৮ কোটি মানুষের অধিকার আদায় করে ইনশা আল্লাহ আমরা ঘরে ফিরব।