নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর হবে। সবার জন্য বসবাস উপযোগী হবে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘চাপাবাজি না করে নিজের যোগ্যতা দিয়ে, জ্ঞান দিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারেন, সেরকম মানুষই আমাদের কাছে প্রয়োজন। সেরকম মানুষ যদি নেতৃত্বে আসে তাহলে দেশের জন্য ভালো কিছু হতে পারে। আবদুস সালাম তালুকদারকে আমি ওইরকম একজন মানুষ মনে করতাম।’
যে রাজনৈতিক নেতা সব বিষয় বুঝে দল ও দেশ পরিচালনার চেষ্টা করেন, সে রকম নেতাদেরই এখন দেশে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।
মাহমুদুর রহমান মান্না বলেন, একদিন এখানেই একটা সভার মধ্যে দেখলাম, কী কারণে যেন সবাই হইচই করছে। বিএনপির সভা ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, অন্য নেতারা ছিলেন, আমিও ছিলাম। একটা সময় উনি (মির্জা ফখরুল) সবাইকে চুপ করতে কয়েকবার অনুরোধ করেন। শেষে উনি বললেন, ‘আপনারা যদি চুপ না করেন তাহলে আমি সভা ছেড়ে চলে যাব, আমার কাছে আর কোনো বিকল্প নাই।’ আমার কাছে মনে হলো যে, তিনি ধমক দেওয়ার বদলে তাদের ওপর এমনভাবে একটা চাপ দিলেন, এরপর তারা চুপ হয়ে যেতে বাধ্য হলো। আমি আবার বলি, বিনয়ের কোনো বিকল্প নেই। রাজনীতিতে যিনি বিনয়ী নন, উনি শেষ পর্যন্ত জিতেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। প্রধান আলোচক ছিলেন জামালপুর সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার।