বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘সেরা প্রার্থী’ বলে মত দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’
আসিফ নজরুল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন।’
আসিফ নজরুল আরও বলেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত আরও কয়েকজন রয়েছেন। তবে সবদিক বিবেচনায় তাঁর মতে মির্জা ফখরুলই এগিয়ে থাকবেন। রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনিই সম্ভবত সবচেয়ে উপযুক্ত প্রার্থী।