রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব বাঙালি। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং হকারদের প্রতিনিধিত্বমূলক পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হকাররা দেশের নাগরিক ও সমাজের অংশ। রাজনৈতিকভাবে বিবেচনা করলে তাঁরা বড় সামাজিক শক্তিতে পরিণত হয়েছেন। তাই তাঁদের এড়িয়ে যাওয়া বা সমাজে হেয় করার সুযোগ নেই।
যুব বাঙালি বলেছে, ঢাকাসহ সারা দেশে বারবার হকার উচ্ছেদের ঘটনা ঘটলেও এ ধরনের অভিযানের মাধ্যমে হকারদের কেন্দ্র করে সৃষ্ট সমস্যার কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে রাজধানীসহ সারা দেশে হকারদের জন্য বিপণিবিতান নির্মাণ করা হলেও সেগুলো শেষ পর্যন্ত কার দখলে যায় এবং কেন হকাররা আবার ফুটপাত ও সড়ক দখল করে দোকান নিয়ে বসেন—এর রাজনৈতিক ও স্থায়ী সমাধান প্রয়োজন। এ জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হকারদের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।
পুরোনো সিটি করপোরেশনগুলোকে আধুনিক নগর সরকার বা মেট্রোপলিটন গভর্নমেন্টে উন্নীত করে সেখানে হকারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
যুব বাঙালির মতে, স্থানীয় সরকার ও জাতীয় সংসদে হকারসহ বিভিন্ন শ্রম-কর্ম-পেশার মানুষের আইনগত প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হলে এ সমস্যার রাজনৈতিক ও স্থায়ী সমাধান সম্ভব। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে শ্রম-কর্ম-পেশার প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে যুব বাঙালি।