হোম > রাজনীতি

আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে এ র‍্যালি শুরু হবে।

আজ সোমবার এনসিপি এক সংবাদ বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছে।

র‍্যালিতে উপস্থিত থাকবেন—এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।

সংবাদ বার্তায় বলা হয়েছে, এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এই মোটরসাইকেল র‍্যালি আয়োজন করবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে র‍্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে।

সংবাদ বার্তায় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে দলটির নৈরাজ্য প্রতিরোধে এ কর্মসূচি আয়োজনের কথা জানিয়েছে এনসিপি।