হোম > রাজনীতি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির নিদর্শন: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের।

আজ শনিবার এক বিবৃতিতে এসব দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজধানীতে ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছিল এই প্রতিষ্ঠানটি।

দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, এমন পরিস্থিতি গোটা জাতির জন্য লজ্জার।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় দেশে আদৌ কোনো সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, এই ভাঙচুর ও দখলদারির পেছনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে।

বিবৃতিতে নাহিদ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সঙ্গে ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।