হোম > রাজনীতি

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা হেফাজতের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, ‘সংসদ ভবনকে ওয়াশিংটনের আমোদ-প্রমোদের কেন্দ্রে পরিণত করা মেনে নেওয়া হবে না।’

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

হেফাজত মহাসচিব বলেন, ‘জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদন কেন্দ্র কিংবা পার্ক নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী পবিত্র স্থান এবং কোটি কোটি জনতার জাতীয় মর্যাদার প্রতীক। এই মর্যাদাপূর্ণ ভবনের চত্বরে মার্কিনিদের তথাকথিত স্বাধীনতা দিবস উপলক্ষে গান-বাজনা ও সংস্কৃতির নামে নগ্ন আসর বসানো অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।’

বিবৃতিতে শায়খ সাজিদুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে মজলুম মুসলমানদের রক্তে হাত রাঙিয়েছে, ফিলিস্তিনসহ সারা বিশ্বে মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলেছে, তাদের খুশি করতে বাংলাদেশের হৃদপিণ্ডখ্যাত জাতীয় সংসদ প্রাঙ্গণকে অপসংস্কৃতির উর্বর ভূমিতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

হেফাজত মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা, আধিপত্যবাদ কিংবা নগ্ন পশ্চিমা অপসংস্কৃতি এ দেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে। জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহি করতে হবে।’ তিনি সরকারকে অবিলম্বে এ ধরনের জাতীয় সংবেদনশীল ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করতে এবং ভবিষ্যতে এমন আত্মঘাতী ও জাতীয় মর্যাদাহানিকর আয়োজন থেকে চিরতরে বিরত থাকতে আহ্বান জানিয়ে বলেন, ‘অন্যথায় এ দেশের তৌহিদী জনতা জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে।’