হোম > রাজনীতি

পদত্যাগের ঘোষণা, দু’ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল এনসিপি নেতা সুলতান জাকারিয়ার

আজকের পত্রিকা ডেস্ক­

এনসিপি যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া দল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার মাত্র ঘণ্টা দু-একের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

আজ মঙ্গলবার সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে এর প্রায় দুই ঘণ্টা পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সুলতান মোহাম্মদ জাকারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে দলীয় হাইকমান্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে সুলতান জাকারিয়া দল ছাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছিলেন।

তাঁর অভিযোগ ছিল, দলের আরেক যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদ এবং যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন তাঁর সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করার পরও কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দলীয় পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে দুই ঘণ্টার মধ্যেই অবস্থান পরিবর্তন করেন এই এনসিপি নেতা।

এ বিষয়ে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, দলের হাইকমান্ড তাঁর অভিযোগগুলোর ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে দল একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি প্রত্যাশা করছেন।