হোম > রাজনীতি

এনসিপির উপদেষ্টা পরিষদে থাকছেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় নীতিনির্ধারণী কার্যক্রমে অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করতে উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে প্রাথমিকভাবে ২১ থেকে ২৫ সদস্যের এই পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি, যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।

এনসিপি জানায়, উপদেষ্টা পরিষদে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হচ্ছে। দল গঠনের পর আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে পৃথক ফোরাম গঠন করলেও নীতিনির্ধারণী কাজে পরামর্শ দেওয়ার জন্য এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ গঠন করছে দলটি।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী, অস্ট্রেলিয়ায় প্রবাসী ব্যারিস্টার জাকি ওমর, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ড. মনির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, ফ্রি থিংকার্স ফোরামের প্রেসিডেন্ট জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, নরওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ইসলামিক স্কলার শায়েখ আহমেদ বদরুদ্দীন, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার অর্থনীতির অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ইউনিভার্সিটি অব টরেন্টোর প্রফেসর ড. মুস্তাহিদ হোসাইন, সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী, সাবেক সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সাবেক সভাপতি ড. আনোয়ার উল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইতিহাস ও রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের কাজ অনেক দিন ধরেই চলছিল।