হোম > রাজনীতি

স্বাধীনতার পর থেকে দেশের স্টিয়ারিংয়ে জালেম, ধোঁকাবাজেরা বসেছে: চরমোনাই পীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শুক্রবার আয়োজিত জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

স্বাধীনতার ৫৫ বছর ধরে দেশের স্টিয়ারিংয়ে জালেম ও ধোঁকাবাজেরা বসেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম ।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাধীন বাংলাদেশের ৫৫ বছর চলছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘এই ৫৫ বছরে জনগণ যে উদ্দেশ্যে আন্দোলন-সংগ্রাম করল, সেটা হলো না আর স্টিয়ারিংয়ে বসে গেল জালেমরা, ধোঁকাবাজেরা। যাদের ভেতরে নৈতিকতা নাই, আদর্শ নাই, যাদের ভেতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি উপলব্ধি করার মতো অবস্থান নাই।’

শিক্ষকদের উদ্দেশে সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আপনারা এখানে ১৩ দফা দাবি পেশ করেছেন। আমি বলব, ১৩-১৪ দফা লাগবে না, এক দফাই যথেষ্ট।’ এক দফা দাবি তথা দুর্নীতি বন্ধের দাবির কথা উল্লেখ করেন তিনি।

রেজাউল করীমের মতে, বাংলাদেশের সিংহভাগ টাকা দুর্নীতিবাজদের কারণে বিদেশে পাচার হয়। দুর্নীতি বন্ধ হলে শিক্ষকদের জাতীয়করণই নয় শুধু, আরও অনেক কিছু দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘৫ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী আমাদের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। আমরা দেখছি, সব জায়গায় সেই আগের সিস্টেমই চলছে, বরং কিছু কিছু ক্ষেত্রে আরও অবনতি হয়েছে।’

বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকেরা সব সময় একটা নিরাপত্তাহীনতায় থাকেন বলে মন্তব্য করেন গাজী আতাউর। তিনি এটিকে দেশের জন্য অকল্যাণকর বলেও উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের এ নেতার অভিযোগ, বর্তমান সরকার এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ বাতিল করে দিয়ে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, এটা হলো সব ক্ষেত্রে তাদের দলীয়করণের একধরনের মনোবৃত্তি, যার এটি বহিঃপ্রকাশ। তারা সবকিছুই আজকে দলীয়করণ করছে, এমনকি সব সরকারি প্রতিষ্ঠানে পর্যন্ত তারা দলীয় লোক নিয়োগ দিচ্ছে। নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে বিভিন্ন জায়গায় তারা দলীয় লোকদের বসাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন খান, মহাসচিব মুহাম্মাদ জসিম উদ্দিনসহ অনেকে।

পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলছে জামায়াত

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা পড়ল ৬৯টি

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন