হোম > রাজনীতি

রাজধানীতে এক দিনে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতা-কর্মী, যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং খিলগাঁও ও রামপুরা থেকে আট নেতা-কর্মী রয়েছেন।

অন্যদিকে নাশকতার উদ্দেশ্যে মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে আরও ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।

এ ছাড়া মোহাম্মদপুর যুবলীগের কর্মীদের বিরুদ্ধে গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে এসে মোহাম্মদপুরে নাশকতা করার প্রস্তুতি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।