হোম > রাজনীতি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি দায়ের করেছেন।

রিটটি আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ছিল। ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বলেন, রিটটি শুনানির জন্য কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে ছিল। আবেদনকারীর পক্ষে মো. ইউনূস নামের একজন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে ওই ক্রমিক পর্যন্ত শুনানি পৌঁছায়নি।

এর আগে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত বছরের ১২ মে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।