ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার দুপুরে এক শোকবার্তায় এনসিপি বলেছে, ‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
এদিকে কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলি রয়েছেন। নিহত অপর বাংলাদেশি ঢাকার সাভারের আহমেদ বাবু।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ঝাড়খন্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয়ও নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহত অন্য তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।