দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এই উপকমিটির উপ-প্রধান করা হবে। পাশাপাশি প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক থাকবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশব্যাপী নৈরাজ্য ও দখলবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ বিষয়ে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া গণভোটের গণরায় অগ্রাহ্য করে সরকার ‘প্রহসনমূলক’ সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে বলে নেতারা বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, এ ধরনের কমিটি গঠনের মধ্য দিয়ে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিরোধী দলের সঙ্গে সম্পর্কের ফাটল ধরিয়েছে। একদলীয় এই কমিটির কোনো গণবৈধতা নেই বলেও বৈঠকে মত দেওয়া হয়। এ দায় সরকারকে নিতে হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশল নিয়েও আলোচনা হয়। এ ছাড়া দেশের সব জেলায় জেলা কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজনৈতিক পর্ষদের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, সালেহউদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ।
রাজনৈতিক পর্ষদসহ দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের রূপরেখাও বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজনৈতিক পর্ষদের বৈঠক হয়েছে। বৈঠকে রাজনৈতিক পর্ষদসহ দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
বৈঠকে সিদ্ধান্ত হয়, দলের রাজনৈতিক পর্ষদের প্রত্যেক সদস্যকে বিভিন্ন উপ-কমিটির প্রধান করা হবে। কেন্দ্রীয় কমিটির সদস্যরা এ সব উপকমিটির বিভিন্ন পদে থাকবেন। বৈঠকে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কার্যক্রমের দায়িত্বে থাকবেন সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত।