হোম > রাজনীতি

মব তৈরি করে পুরোনো দিন ফেরানোর চেষ্টা জনগণ মেনে নেবে না: পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আমরা যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো হারাতে বসেছি।’

আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সম্মিলিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দু’দিন আগে মিরপুরে একটি চিকিৎসাকেন্দ্রে বর্বরোচিত হামলা হয়েছে এবং সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে গত রাতে আমরা দেখেছি, মিরপুরের ইসিবিতে একটি আবাসিক এলাকায় হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের মতো ঘটনা ঘটেছে।’

পরওয়ার বলেন, ‘মাত্র সরকারের কেবল ছয় মাস হলো, এক্ষুনি যদি ল অ্যান্ড অর্ডার এইভাবে অবনতি হতে থাকে, শিল্প, ব্যবসা-বাণিজ্য কোন খাতের ওপর কখন আক্রমণ হবে—জাতি তো উদ্বিগ্ন।’ এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘যারা স্থানীয়ভাবে এই সমস্ত মব তৈরি করে, মাসলম্যান তৈরি করে আবার পুরোনো সেই দিন ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, জনগণ কিন্তু তাদের প্রশ্রয় দেবে না। তারা প্রতিরোধ গড়ে তুলবে। তাদের আমরা বিরত হতে বলব।’