হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জামায়াতের মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
গ্রেপ্তারের আগে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে একটি ভিডিও বার্তা পোস্ট করেন আখতারুজ্জামান। ভিডিওতে তিনি বলেন, ‘আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমি শুধু জানিয়ে গেলাম আপনাদের। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসীদের জন্য যদি শহীদ হতে পারি।’
আখতারুজ্জামান আরও বলেন, ‘আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন। জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব। যত দিন বেঁচে আছি, তত দিন জনগণের পাশেই থাকব... জনগণের জন্য এ জীবন ত্যাগ করব।’
এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর।
আরও পড়ুন: