হোম > রাজনীতি

২ সপ্তাহের স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ, ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ স্মরণ করিয়ে রাশেদের খোঁচা

আজকের পত্রিকা ডেস্ক­

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও রাশেদ খান। ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও এর ঠিক ঘণ্টাখানেক পরই আরও এক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়ারও আহ্বান জানান।

অন্যদিকে আসিফ মাহমুদের পোস্টের পর দলটির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘটনা স্মরণ করিয়ে পাল্টা ফেসবুক পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। গোপালগঞ্জ থেকে এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে ঢাকায় ফেরার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

আজ রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পাল্টাপাল্টি দেওয়া এসব পোস্টে নানা রকম মন্তব্য করেছেন নেটিজেনরা।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমে স্ট্যাটাসে লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

এর কিছুক্ষণ পরেই আরও এক পোস্টে আসিফ বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

অন্যদিকে এনসিপির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘটনা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তাঁর পোস্টে লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে চারজন আওয়ামী লীগ সমর্থক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন এবং অনেকে আহত হন। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হোক, তা চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

রাশেদ আশা প্রকাশ করেন, শিগগির পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তাঁর ভাষ্য, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।

আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহের প্রসঙ্গ টেনে পোস্টে রাশেদ খান জানান, সংবাদমাধ্যমে দেখেছেন, আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান।

এ প্রসঙ্গে রাশেদ প্রশ্ন তুলে বলেন, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন, হাসনাত, সারজিসসহ এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে ঢাকায় ফিরতে হয়েছিল—এ ঘটনা কি আসিফ মাহমুদ ভুলে গেছেন? সে সময় দলটির অনেক নেতা-কর্মী সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নাহিদ ইসলামদের উদ্ধারের আহ্বান জানিয়েও ফেসবুকে পোস্ট করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খান লেখেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং সেখানকার মানুষ আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করে। তাই এই অঞ্চলের মানুষের মনোভাব পরিবর্তনে ধৈর্য ও কৌশলী ভূমিকা নেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।