যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ ঘটনা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্র উন্মোচিত করেছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
আজ মঙ্গলবার এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে নাহিদ ইসলাম এ কথা বলেন।
বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। অতীতের অপকর্মের জন্য দলটির মধ্যে ন্যূনতম অনুশোচনার লক্ষণও নেই।
দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলের গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করতে হবে।
বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক বলেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।