হোম > রাজনীতি

সরকারকে অবিলম্বে জাতীয় ঐক্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে: হাসনাত কাইয়ূম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। ছবি : সংগৃহীত

সংসদের ছয় মাসেও সংস্কার পরিষদ গঠন না করা এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী আইন প্রণয়নের প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম জাতীয় ঐকমত্য ও গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবারের ওই সমাবেশে হাসনাত কাইয়ূম বলেন, আগের ১৭ বারের মতো সংবিধানের কোনো মামুলি সংশোধনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ বা তা টেকসই করা সম্ভব নয়।

হাসনাত কাইয়ূম বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান এবং গণভোটের গণরায়ের মাধ্যমে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, সংসদের ছয় মাস পেরিয়ে গেলেও সরকার কোনো কার্যকর সংস্কার পরিষদ গঠন করেনি। সরকার সংবিধান সংশোধনের পুরোনো ব্যর্থ পথে এগোচ্ছে, র‍্যাবকে ভিন্ন নামে আরও সুসজ্জিত করছে, গুমের পক্ষে আইন বানিয়েছে এবং জননিরাপত্তার পরিস্থিতি ভয়াবহ।

হাসনাত কাইয়ূম বলেন, কোনো ধরনের টালবাহানা না করে গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সংশোধনী কমিশন গঠন করে সংবিধানের ওপর দিয়ে কেবল কিছু উপরি কাঠামো পরিবর্তন করে রাষ্ট্রব্যবস্থার মূল সংকট নিরসন হবে না। জনগণের মূল চাওয়া হলো রাষ্ট্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা। এ জন্য সরকারকে অবিলম্বে জাতীয় ঐকমত্যের সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।’

অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার নজরুল হক বলেন, দেশে বেকারত্বের হার দিন দিন বাড়ছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন যৌথভাবে অর্থনৈতিক সংস্কার এবং বেকারত্ব নিয়ন্ত্রণে দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের প্রস্তাব দিতে একটি সমাবেশ করতে চেয়েছিল।

নজরুল হকের অভিযোগ, সরকার ঠুনকো কারণ দেখিয়ে ওই সমাবেশ বাতিল করেছে। এ ঘটনায় অর্থনৈতিক সংস্কারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে বলে তিনি মন্তব্য করেন।

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে সরকার ও বিরোধী জোট আগ্রহী নয়, তা এখন প্রমাণিত। গণরায় বাস্তবায়নে অপরাপর অংশীজনদের নিয়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক কূটনীতিক সাকিব আলী, শহীদ মিরাজের বাবা আব্দুর রব, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসানসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ সঞ্চালনা করেন দলের নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম।