গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
গোপালগঞ্জে ২৬ জনের কমিটিতে আহ্বায়ক পদে আছেন বাঁধন মিয়া। সদস্যসচিব হয়েছেন ফেরদৌস আমিনা।
গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জের চারজনের প্রাণহানি ঘটে। এই জেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ও দলটির মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার বলেন, ‘পলাতক ও পতিত লীগের অব্যাহত হুমকি থাকা সত্ত্বেও গোপালগঞ্জে আহ্বায়ক কমিটি অনুমোদন করল এনসিপি। শিগগিরই গোপালগঞ্জের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়া হবে। গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগ-এনসিপি এই মিথ ভেঙে দেবে। গোপালগঞ্জের সাধারণ জনগণের পাশে থাকবে এনসিপি।’
আজ গোপালগঞ্জের পাশাপাশি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার আংশিক কমিটি অনুমোদন করেছে এনসিপি। চুয়াডাঙ্গায় ৬১ জনের কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন খাজা আমিরুল বাশার বিপ্লব ও সদস্যসচিব হয়েছেন আলমগীর হেসেন।
ঝিনাইদহে ১১ জনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক পদে আছেন তারেক রেজা আর সদস্যসচিব হয়েছেন আরেফিন কায়সার। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷