হোম > রাজনীতি

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে বুধবার জামায়াত ও ছাত্রশিবিরের গণজমায়েত। ছবি: আজকের পত্রিকা

গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও ছাত্র গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার সকাল থেকে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা টিএসসি এলাকায় গিয়ে রাজু ভাস্কর্যের সামনে গণজমায়েত করেন।

গণজমায়েতে ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম অভিযোগ করেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়েছে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারত্বের রাজনীতি বন্ধ এবং হামলাকারীদের বিচারের দাবি জানান।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও গণহত্যার বিচার সম্পন্ন হয়নি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, হল দখলের চেষ্টা ও শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য ছাত্রদলকে দায়ী করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গণজমায়েতে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।